“বাবা অনেক কষ্ট করেছেন, অসমের মানুষের জন্য আরও ভালো কাজ করুন”
গুয়াহাটি থেকে মোহাম্মদ জনি।
বরাক তরঙ্গ, ১২ মে : অসমের রাজনৈতিক ইতিহাসে মঙ্গলবার দিনটি গৌরবময় ও স্মরণীয় অধ্যায় হয়ে রইল। গৌহাটির খানাপাড়া মাঠে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ড. হিমন্ত বিশ্ব শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ বহু বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে অত্যন্ত জাঁকজমকপূর্ণ।
তবে রাজনৈতিক আনুষ্ঠানিকতার মাঝেও অন্যতম আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে মুখ্যমন্ত্রীর পুত্র নন্দিল বিশ্ব শর্মার প্রতিক্রিয়া। বাবাকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে দেখে আবেগাপ্লুত নন্দিল সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “বাবা অনেক কষ্ট করেছেন। দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যেন অসমের মানুষের জন্য আরও ভালো কাজ করতে পারেন, এটাই আমার প্রার্থনা।”
তিনি আরও বলেন, অসমের মানুষ মুখ্যমন্ত্রী ও বিজেপিকে যে ভালোবাসা ও আশীর্বাদ দিয়েছেন, সেটাই তাঁদের সবচেয়ে বড় শক্তি।
নন্দিলের সরল ও আন্তরিক মন্তব্য উপস্থিত বহু মানুষের হৃদয় স্পর্শ করে। রাজনৈতিক জৌলুসের মাঝেও পরিবারের মূল্যবোধ, মানুষের প্রতি কৃতজ্ঞতা এবং পিতার প্রতি সন্তানের গর্ব অনুষ্ঠানে এক মানবিক আবহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পরিবারের উপস্থিতিও বিশেষভাবে নজর কাড়ে। বহু সমর্থকের মতে, মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সাফল্যের পাশাপাশি তাঁর পরিবারের বিনয়ী ও মানবিক আচরণ তাঁকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে গেছে। ছবি সৌজন্যে এনএআই।



