বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : কাছাড় জেলায় প্রায় ৬০ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘ডব্লিউওয়াই’ ট্যাবলেটের চালান আটক করল আসাম রাইফেলস। ডিআরআই শিলচরের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে বড়খলা এলাকায় একটি ডাম্পার ট্রাক থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে অভিযানকারী দল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মিজোরাম থেকে অসমে প্রবেশ করছিল ডাম্পার বোঝাই গাড়িটি।
গোপন সূত্রে খবর পেয়ে আসাম রাইফেলস ও ডিআরআই শিলচরের যৌথ দল বড়খলা এলাকায় গাড়িটিকে আটকানোর চেষ্টা করে। কিন্তু অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে শুরু হয় ধাওয়া। শেষ পর্যন্ত যৌথ বাহিনী গাড়িটিকে আটক করতে সক্ষম হয়। পরে ডাম্পারটিতে তল্লাশি চালিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। গাড়ির কাঠামোর ভিতরে বিশেষভাবে তৈরি একটি গোপন কেবিনে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘ডব্লিউওয়াই’ ট্যাবলেট। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ কোটি টাকা বলে জানা গেছে।

অভিযানের সময় এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য, আটক ব্যক্তি এবং বাজেয়াপ্ত ডাম্পারটি পরবর্তী তদন্ত ও আইনানুগ পদক্ষেপের জন্য ডিআরআই শিলচরের হাতে তুলে দেওয়া হয়েছে। মিজোরাম থেকে অসমে মাদক পাচারের এই ঘটনায় আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




