নাচ-গান-নাটকে মুখর রবীন্দ্র সন্ধ্যা, ‘ছুটি’ নাটকে মুগ্ধ পাথারকান্দিবাসী

Spread the news

বরাক তরঙ্গ, ১২ মে : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে পাথারকান্দির অগ্রণী সাংস্কৃতিক সংস্থা চতুরঙ্গের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ, গান, আবৃত্তি ও নাটকের মধ্য দিয়ে আয়োজিত ‘রবীন্দ্র সন্ধ্যা’ মন জয় করে উপস্থিত দর্শকদের। শনিবার সকালে স্থানীয় রবীন্দ্রভবনে কবিগুরুর স্থায়ী প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সদস্য-সদস্যারা। পরে বিকেল সাড়ে তিনটা থেকে “তোমার চোখে রবীন্দ্রনাথ” শীর্ষক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। কচিকাঁচাদের রঙ-তুলির ছোঁয়ায় ফুটে ওঠে কবিগুরুর নানা রূপ।

সন্ধ্যা ছ’টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট নৃত্যগুরু, নাট্যকার ও নাট্যনির্দেশক সুরজিৎ দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যগুরু রজত দে, শিক্ষিকা সন্দীপা নাথ, শিক্ষক জন্মজিত নাথ, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সঞ্জীব দে, সুরঞ্জন দাস প্রমুখ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সুস্মিতা দাস, সুরজিৎ হোমচৌধুরী, নিরোজকান্তি পাল, রূপশ্রী কর ও রাখি দাস।

অনুষ্ঠানে অঙ্কন ও নৃত্য প্রতিযোগিতার বিচারক চন্দনা দেব এবং সুরজিৎ দেবকে উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর শুরু হয় একক রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা। ছোট-বড় বিভিন্ন বয়সের প্রায় অর্ধশতাধিক নৃত্যশিল্পী রাত পর্যন্ত নিজেদের শিল্প প্রতিভা তুলে ধরেন।

চন্দনা দেবের পরিচালনায় দুটি নৃত্য আলেখ্য অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। এতে অংশ নেন সমৃত্যা চক্রবর্তী, দৃতি রবিদাস, দেবাংশি দে, মাহি দাস, সঞ্চিতা চৌধুরী, শ্রীপর্ণা দেব, তৃষা দাস, দেবশ্রী দেব, তানিয়া রায়, বিরভা দেবী, প্রতীক্ষা সিনহা, আনসি সিনহা, সৃষ্টি দেব, রুচিতা দেব ও কনিষ্কা দেবনাথ সহ অনেকে।

রাত দশটায় কবিগুরুর ছোটগল্প অবলম্বনে চতুরঙ্গের প্রযোজনায় মঞ্চস্থ হয় ছোট নাটক “ছুটি”। কচিকাঁচাদের প্রাণবন্ত অভিনয়ে নাটকটি দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। বিভিন্ন চরিত্রে অভিনয় করে দীপশিখা দেব, দ্বিপান্বিতা দেব, সোয়ম দেবনাথ, আয়ুস ধর, নবনীতা দাস, রাজশ্রী নাথ, দেবাং পাল, অভিষেক দাস, কিশন দেব, মিষ্ট দেব, দীপ দাস ও সুরজিৎ সেন।

পরে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে অঙ্কন ও নৃত্য প্রতিযোগিতার বিজয়ীদের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয়। অঙ্কন প্রতিযোগিতার রবি (ছোট) বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে তৃষিত দাস, ফরহিন জান্নাত ও নীলম সিনহা। কবি (বড়) বিভাগে বিজয়ী হয় সমর্থ কানু, সৃজিতা সেন ও জাসমিন পারভিন। রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার রবি (ছোট) বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে রিপসিতা নাথ, পরিস্মিতা শ্যাম ও তাহিসা দেব। কবি (বড়) বিভাগে বিজয়ী হয় নবনীতা দাস, সৃজিতা সেন ও সঞ্চিতা চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মইনুল হক, চতুরঙ্গের মুখ্য উপদেষ্টা সিদ্ধার্থ শেখর পালচৌধুরী, পঙ্কজ শ্যাম, সংগীত শিক্ষক জগন্ময় দাশগুপ্ত, পুলক সোম সহ বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *