বরাক তরঙ্গ, ১৮ মে : টাকার বান্ডিল সামনে রেখে রিল বানিয়ে বিপাকে পড়লেন এক মহিলা পুলিশকর্মী। ঘটনাটি ত্রিপুরার ধলাই জেলার। জানা যায়, সালেমা থানায় কর্মরত নন্দারানি দেববর্মা বাড়িতে রাখা বিপুল অঙ্কের টাকার বান্ডিল সাজিয়ে একটি রিল ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। এরপর বিষয়টি পুলিশের নজরে আসতেই শুরু হয় তদন্ত। নন্দারানি কনস্টেবল পীযূষ দেববর্মার স্ত্রী।
কনস্টেবলের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার হিসাববহির্ভূত নগদ অর্থ উদ্ধার করে পুলিশ। ঘটনার জেরে কনস্টেবল পীযূষ দেববর্মাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে এই মামলায় পীযূষ দেববর্মা, তাঁর স্ত্রী নন্দারানি দেববর্মাসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া বিপুল নগদ অর্থের সঙ্গে মায়ান্মার সীমান্তকে কেন্দ্র করে সক্রিয় মাদক পাচার চক্র অথবা প্রতারণামূলক আর্থিক নেটওয়ার্কের যোগসূত্র থাকতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহি নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।



