মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ আগস্ট: বিজেপির বুথ সভাপতি বিকাশ ধর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বিরুদ্ধে কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমদ চৌধুরীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল শ্রীভূমি জেলা পরিষদ। মঙ্গলবার শ্রীভূমির জেলা কমিশনার প্রদীপকুমার দ্বিবেদীর মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকলিপি প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী। তাঁর অভিযোগ, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বিরুদ্ধে হাফিজ রশিদের বক্তব্য পরোক্ষভাবে হত্যাকাণ্ডে জড়িতদের সমর্থন করছে। এ ধরনের মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন তিনি। স্মারকলিপি প্রদানকালে জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাথী রায় কুরি, অর্চনা মালাকার, প্রণব মুখার্জি-সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অভিযোগ অনুযায়ী, বাড়ি থেকে ডেকে নিয়ে বিজেপির বুথ সভাপতি বিকাশ ধরকে হত্যা করা হয়। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে ছয়জনকে আটক করেছে। পরবর্তীতে সাংবাদিক সম্মেলনে পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দাবি করেন, বন বিভাগের জমি জবরদখল করে বসবাসকারী অবৈধ বাংলাদেশিরা এই হত্যাকাণ্ডে জড়িত। মন্ত্রীর এই মন্তব্যের পর হাফিজ রশিদ সরব হন এবং রাজ্যপাল ও পুলিশের মহাপরিচালকের কাছে অভিযোগ জানান।
অনিল ত্রিপাঠীর অভিযোগ, শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার উদ্দেশ্যেই হাফিজ রশিদ এ ধরনের মন্তব্য করছেন। তাঁর দাবি, বিকাশ ধরকে প্রথমে হাত কেটে এবং পরে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে জেলা পরিষদ।



