বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর গোলাঘাট জেলার মরঙি এলাকায় একটি বন্যহাতির গলা থেকে ট্র্যাক্টরের টায়ার সফলভাবে সরিয়ে ফেলতে সক্ষম হল বন দফতর ও হাতি বিশেষজ্ঞদের দল। গলায় টায়ার আটকে যাওয়ায় বেশ কিছুদিন ধরে অসহায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল হাতিটি। ঘটনাটি নজরে আসার পর থেকেই তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা চলছিল।
জানা গেছে, মরঙি এলাকায় একটি বন্যহাতির গলায় আটকে ছিল ট্র্যাক্টরের একটি পুরনো টায়ার। টায়ারটি গলার চারপাশে আটকে থাকায় হাতিটির স্বাভাবিক চলাফেরায় সমস্যা হচ্ছিল। খাবার গ্রহণ এবং পানীয় জল পান করার ক্ষেত্রেও সমস্যার আশঙ্কা তৈরি হয়েছিল। ফলে হাতিটির শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও বনকর্মীরা।
পরিস্থিতি গুরুতর হওয়ায় হাতিটিকে উদ্ধার করে গলার টায়ারটি সরানোর উদ্যোগ নেওয়া হয়। এ জন্য কাজিরাঙা থেকে বিশেষজ্ঞদের একটি দল মরঙিতে পৌঁছায়। অভিজ্ঞ হাতি বিশেষজ্ঞরা প্রথমে হাতিটির গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং নিরাপদে উদ্ধার অভিযান পরিচালনার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী বিশেষ প্রক্রিয়ায় হাতিটিকে ট্র্যাঙ্কুলাইজ করা হয়। হাতিটি শান্ত হওয়ার পর বিশেষজ্ঞ ও বনকর্মীরা সাবধানতার সঙ্গে তার গলায় আটকে থাকা ট্র্যাক্টরের টায়ারটি অপসারণের কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে টায়ারটি সফলভাবে সরিয়ে ফেলা সম্ভব হয়।
বন্যহাতিটির গলা থেকে টায়ারটি সরানোর পর স্বস্তি ফিরে আসে উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কাজিরাঙার হাতি বিশেষজ্ঞদের তৎপরতা এবং বন দফতরের উদ্যোগে অসহায় অবস্থায় থাকা হাতিটি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



