বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : শিলচর পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় লিঙ্ক রোডের ৮ নম্বর লেনে অবস্থিত সর্বজনীন শ্রীশ্রী কালীমন্দির সেবা সমিতির প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। মঙ্গলবার কাছাড় জেলা বিজেপির মেডিক্যাল কোষ এবং ইআরসি-র যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে শতাধিক মানুষ অংশ নেন।
শিবিরে বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। ইআরসি-র চিকিৎসক ও কর্মীরা শিবিরে চিকিৎসা ও প্রযুক্তিগত সহায়তা দেন।
শিবিরে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক গোপাল রায়, জেলা মেডিক্যাল কোষের আহ্বায়ক ডাঃ প্রবাল পাল চৌধুরী, বিজেপি নেত্রী রেবা কর্মকার, ডাঃ বিশ্বরূপ রায় এবং জেলার ‘মন কি বাত’-এর প্রাক্তন আহ্বায়ক তীর্থাঙ্কর দেবরায় (পাপ্পু)। এছাড়াও উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়ের প্রতিনিধি পুলক দাস, যুব মোর্চার আত্মনির্ভর ভারত জেলার ইনচার্জ, নিউ শিলচর মণ্ডল সভাপতি দুলাল দাস (মনি), ওবিসি মোর্চার সভাপতি হীরক দেবনাথসহ অন্যান্যরা।
ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান যুব মোর্চার জেলা মিডিয়া কো-ইনচার্জ পান্তদীপ রায় এবং প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পঙ্কজ রায়।
বিজেপির জেলা সাধারণ সম্পাদক গোপাল রায় বলেন, দলটি শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, জনসেবাকেও সমান গুরুত্ব দেয়। এই স্বাস্থ্য ও চক্ষু শিবির সেই সেবামূলক কর্মকাণ্ডেরই একটি অংশ। ডাঃ প্রবাল পাল চৌধুরীও জনসেবায় দলীয় কর্মীদের ভূমিকার কথা তুলে ধরেন। যুব মোর্চার মিডিয়া ইনচার্জ পান্তদীপ রায় জানান, ওয়ার্ডের সব স্তরের মানুষের কল্যাণে দলমত নির্বিশেষে সেবামূলক কাজ অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এই ধরনের বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন করা হবে বলে তিনি জানান।



