বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : আদালতের নির্দেশে সোনাই থানার পুলিশ জাহানুর আলম মজুমদারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। জাহানুর আলম নিজেকে কাছাড় জেলা আমসুর সভাপতি হিসেবে পরিচয় দিতেন বলে জানা গেছে।
জাহানুর আলম সোনাই থানার অন্তর্গত নগদীরগ্রাম প্রথম খণ্ডের ডেপলিপার গ্রামের বাসিন্দা। জানা গেছে, PRC/1531/2023 মামলায় আদালতের নির্দেশের ভিত্তিতেই ১৭ আগস্ট তাঁকে গ্রেফতার করে সোনাই থানার পুলিশ।
আদালতের নথি অনুযায়ী, State of Assam বনাম Jahanur Alom Mazumder মামলাটি সোনাই থানার FIR No. 101/2023-এর সঙ্গে সম্পর্কিত। মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩৪২ ও ৩৮৬ ধারায় অভিযোগ রয়েছে। ৩৪২ ধারায় বেআইনিভাবে কাউকে আটকে রাখার অভিযোগ এবং ৩৮৬ ধারায় মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগের বিষয়টি অন্তর্ভুক্ত।
আদালতের নথিতে আরও উল্লেখ রয়েছে, ১ জুলাই ২০২৬-এর শুনানিতে অভিযুক্ত জাহানুর আলম আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁর পক্ষে সময় চেয়ে একটি আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে জারি হওয়া NBWA (Non-Bailable Warrant) কার্যকর করার জন্য পরবর্তী পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানির তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
আদালতের রেকর্ড অনুযায়ী, মামলাটি বর্তমানে Appearance পর্যায়ে রয়েছে এবং বিচার চলছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কাছাড়, শিলচর আদালতে।
এদিকে, জাহানুর আলমের বিরুদ্ধে জমি জবরদখল, ডাকাতি, মারধরসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে প্রায় ১০টি মামলা রয়েছে বলেও দাবি করা হয়েছে।
তবে অন্যান্য মামলায় আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট অভিযোগগুলোকে অভিযোগ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।



