সম্পত্তির বিবাদ : মায়ের সামনেই বড় ভাইকে খুন, পলাতক অভিযুক্ত দুই সহোদর

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট:
শ্রীভূমি জেলার নিলামবাজার থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিম নয়াগ্রাম এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই দুই ভাইয়ের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনায় নিহত হয়েছেন তাজেল হোসেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাজেল হোসেনের সঙ্গে তাঁর দুই ভাই তাজ উদ্দিন ও নিজাম হোসেনের দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। পারিবারিক এই বিবাদ নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা ছিল বলে স্থানীয়দের দাবি। অভিযোগ, রবিবার সকালে সেই বিবাদকে কেন্দ্র করে তাজ উদ্দিন ও নিজাম হোসেন ধারালো অস্ত্র নিয়ে বড় ভাই তাজেল হোসেনের ওপর হামলা চালান।

অভিযোগ অনুযায়ী, হামলার সময় পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এমনকি মায়ের সামনেই তাজেলের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে দাবি করা হয়েছে। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পশ্চিম নয়াগ্রাম এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে নিলামবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে। পরে সার্কল অফিসার এবং শ্রীভূমি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মানসপ্রতীম চৌধুরীও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। তাঁরা পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন।

এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই ভাই তাজ উদ্দিন ও নিজাম হোসেন পলাতক। তাঁদের সন্ধানে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কি না, হামলার প্রকৃত কারণ কী এবং ঘটনার সময় ঠিক কী ঘটেছিল—সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিষয়ে আরও স্পষ্ট তথ্য মিলবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *