গুয়াহাটিগামী ইন্ডিগোর বিমানে যান্ত্রিক ত্রুটি, ১৯২ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ, চাঞ্চল্য পুনেতে

Spread the news

১৫ নভেম্বর : ওড়ার কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ল যান্ত্রিক গোলযোগ। রবিবার সকালে পুনে বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হলো ইন্ডিগোর ফ্লাইট। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিমানের ল্যান্ডিং গিয়ারের ত্রুটির জেরেই এই ঘটনা। ফ্লাইটে যাত্রী ও ক্রু মিলিয়ে ১৯২ জন ছিলেন। তাঁরা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, পুনে থেকে সকাল ৭টা ১৭ মিনিটে রওনা দেয় ইন্ডিগোর 6E 0623 (VT-IZE) ফ্লাইটটি। গন্তব্য ছিল গুয়াহাটি। কিন্তু ওড়ার পরে ল্যান্ডিং গিয়ার গোটানো যাচ্ছিল না কিছুতেই। বিপজ্জনক ভাবে বাইরে বেরিয়ে ছিল। গোটা বিষয়টা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে জানান পাইলট। তার পরেই জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়।

সঙ্গে সঙ্গে ‘ফুল ইমার্জেন্সি’ ঘোষণা করা হয় বিমানবন্দরে। সতর্ক রাখা হয় দমকল, অ্যাম্বুল্যান্স এবং জরুরি পরিষেবার কর্মীদের। অবতরণের আগে ল্যান্ডিং গিয়ারের অবস্থা খতিয়ে দেখতে রানওয়ের খুব নিচু দিয়ে একবার উড়ে যায় বিমানটি। শেষে নিরাপদে অবতরণ করে। তার পরে বিমানটিকে ৭ নম্বর বে-তে নিয়ে যাওয়া হয়।

যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করছে ইন্ডিগো। বেঙ্গালুরু থেকে একটি বিমান পুনেতে আনার পরিকল্পনা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, গোটা পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দর, এটিসি, বিমান সংস্থা এবং জরুরি পরিষেবার মধ্যে দ্রুত সমন্বয় করা হয়েছিল। নিরাপত্তা সংক্রান্ত নির্ধারিত নিয়ম মেনেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *