মুখ্যমন্ত্রীর সভায় বিধায়ককে ভাষণের সুযোগ না দেওয়ায় উত্তপ্ত পরিস্থিতি! সমর্থকদের তাণ্ডবে ভাঙচুর অনুষ্ঠানস্থলে

Spread the news

১৫ নভেম্বর: সংস্কারের ডাক দেওয়া বিজেপি শাসিত উত্তরাখণ্ডে এবার মুখ্যমন্ত্রীর সভাতেই দেখা দিল চরম বিশৃঙ্খলা। স্থানীয় বিধায়ককে মঞ্চে বক্তব্য রাখার সুযোগ না দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ঐতিহাসিক জৌলজিবি মেলার উদ্বোধনী অনুষ্ঠান। বিধায়কের সমর্থকদের বিক্ষোভের জেরে অনুষ্ঠানস্থলে ভাঙচুর ও হট্টগোলের অভিযোগ উঠেছে।

উত্তরাখণ্ডের সীমান্তবর্তী পিথোরাগড় জেলায় শনিবার ঐতিহাসিক জৌলজিবি মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এদিন এলাকার উন্নয়নের জন্য ১০২.৭২ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ঘোষণা করেন তিনি। ভারত-নেপাল সীমান্তে কালী ও গোরি নদীর সঙ্গমস্থলে আয়োজিত এই মেলা ঐতিহাসিক বাণিজ্যিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশেষ পরিচিত। দীর্ঘ ছয় বছর পর এবারের মেলায় তিব্বতি সামগ্রীর দোকান বসার সম্ভাবনাকে ঘিরেও উৎসাহ তৈরি হয়েছিল।

তবে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কংগ্রেস বিধায়ক হরিশ ধামিকে মঞ্চ থেকে বক্তব্য রাখার সুযোগ না দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতি ঘটে। অভিযোগ, বিধায়ক মঞ্চে উঠে বক্তব্য শুরু করতেই তাঁর মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে মঞ্চেই উপস্থিত আধিকারিকদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হরিশ ধামি বলেন, নিজের বিধানসভা এলাকার একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্থানীয় বিধায়ককে বক্তব্য রাখার সুযোগ না দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। জনপ্রতিনিধি হিসেবে এলাকার সমস্যা ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা তুলে ধরা তাঁর অধিকার বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি, অতীতে ঘোষিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত না হওয়ার বিষয়টিও তুলে ধরেন বিধায়ক। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ উন্নয়নমূলক কাজ এবং পূর্বঘোষিত প্রকল্পগুলির বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন, অথচ এ বিষয়ে প্রত্যাশিত পদক্ষেপ নেওয়া হয়নি।

মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য না শুনেই অনুষ্ঠানস্থল ত্যাগ করায় আরও ক্ষোভ প্রকাশ করেন হরিশ ধামি। এরপর মঞ্চে বেশ কিছুক্ষণ উত্তেজনা ও বাকবিতণ্ডা চলতে থাকে। অভিযোগ, এই সময় অনুষ্ঠানস্থলে ভাঙচুরের ঘটনাও ঘটে। আধিকারিকদের সঙ্গে তীব্র বচসা, গালিগালাজ এবং বিশৃঙ্খলার জেরে মেলা প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিধায়কের সমর্থকদের বিরুদ্ধে সাউন্ড সিস্টেমের কর্মীদের মারধরের অভিযোগও উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *