বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাটিগড়ায় আঞ্চলিক স্তরের সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : সঙ্গীত ও নৃত্যের সুর-ছন্দে সাংস্কৃতিক আবহে মুখরিত হয়ে উঠল কাটিগড়া। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাছাড় জেলা সমিতির উদ্যোগে এবং কাটিগড়া আঞ্চলিক সমিতির ব্যবস্থাপনায় রবিবার কাটিগড়ার সিদ্ধেশ্বর প্রগতি সংঘের প্রেক্ষাগৃহে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো আঞ্চলিক স্তরের সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন কাছাড় জেলা সমিতি ও কাটিগড়া আঞ্চলিক সমিতির কর্মকর্তারা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মিহির নাগ, ড. মঞ্জুরুল হক, শর্মিষ্ঠা দেব চাকি প্রমুখ। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানের মর্যাদা ও গাম্ভীর্য আরও বৃদ্ধি পায়।

এদিন সকাল ১০টা থেকে প্রতিযোগিতা শুরু হয়। বিভিন্ন বয়স ও বিভাগের প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সঙ্গীত ও নৃত্যের পরিবেশনা ক্রমশ প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিযোগীদের প্রতিভা ও নৈপুণ্যকে স্বীকৃতি জানাতে ক, খ ও গ – এই তিনটি বিভাগে মোট ১৮ টি পুরস্কার, সংশাপত্রের ব্যবস্থা রাখা হয়েছে।

আঞ্চলিক স্তরে এই ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন নতুন প্রজন্মের প্রতিভা বিকাশের পাশাপাশি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, কাটিগড়ায় এই আয়োজন স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন উদ্দীপনা ও উৎসাহের সঞ্চার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *