বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : অবশেষে এক মহিলার সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করলেন অসম বিধানসভার উপাধ্যক্ষ হাবে টেরণ। ডংকামোকামের হেমতুন কার্যালয়ে অনুষ্ঠিত বিচার প্রক্রিয়ায় তিনি ওই মহিলার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। পাশাপাশি, শিশুটির পিতৃত্ব নির্ধারণে DNA পরীক্ষা করাতেও সম্মতি জানিয়েছেন তিনি।

DNA পরীক্ষায় শিশুটির পিতৃত্ব প্রমাণিত হলে তার ভরণপোষণের দায়িত্ব নিতে রাজি হয়েছেন হাবে টেরণ। তবে এখনও DNA পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখেন লংরী ক্ৰেহিনী ছাৰ হাবে আমেই-এর সভাপতি মেনসিং টেৰণ।
উল্লেখ্য, ড০ হাবে টেরণের বিরুদ্ধে এক মহিলা গুরুতর অভিযোগ তুলেছিলেন। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় এবং পরবর্তী সময়ে তাঁকে প্রতারণা করা হয়।
কিছুদিন আগে ডিফুতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ওই মহিলা দাবি করেন, হাবে টেৰণের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাঁদের সম্পর্কের সূত্রে একটি সন্তানের জন্ম হয়, যার বর্তমান বয়স পাঁচ বছর। ওই শিশুর বাবা হাবে টেরণ বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে নিজের দাবির সত্যতা প্রমাণে সন্তানের DNA পরীক্ষা করাতেও প্রস্তুত বলে জানিয়েছিলেন ওই মহিলা।

এ ছাড়াও, গুয়াহাটির একটি ভাড়াবাড়িতে হাবে টেরণের সঙ্গে একত্রে বসবাস করার দাবিও করেন তিনি। মহিলার অভিযোগ, বিধায়ক হওয়ার পর থেকেই হাবে টেরণ তাঁর সঙ্গে প্রতারণা শুরু করেন।
মহিলার আরও অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়েই তাঁর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন হাবে টেরণ। কিন্তু পরবর্তী সময়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। বর্তমানে DNA পরীক্ষার ফলাফলের দিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।



