বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : ফ্রেঞ্চনগর শ্রীশ্রী মঙ্গলময় কালীপূজাকে কেন্দ্র করে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু শিল্পী ও সংগীত শিল্পীদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল পূজা কমিটি। রবিবার সত্যরঞ্জন মালাকারের বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে শংসাপত্র ও কলম তুলে দিয়ে পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পূজা কমিটির সভাপতি বিজন মালাকার বলেন, শিশুদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার বিকাশ ঘটাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি গান, নাচ ও অন্যান্য সাংস্কৃতিক চর্চা শিশুদের মানসিক বিকাশে সহায়তা করে। তাঁদের প্রতিভাকে স্বীকৃতি ও উৎসাহ প্রদান করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, বক্তব্য রাখতে গিয়ে বিবেকানন্দ দাস বলেন, একটি সুন্দর সমাজ গঠনে শিক্ষা ও সংস্কৃতির ভূমিকা অপরিসীম। শিশু-কিশোরদের মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে, প্রয়োজন শুধু সঠিক পরিচর্যা ও উৎসাহের। মঙ্গলময় কালীপূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের সম্মানিত করার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পুরস্কার শুধু একটি স্বীকৃতি নয়, বরং আগামী দিনে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা। তিনি সকল শিল্পীকে সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা কমিটির সম্পাদক সঞ্চিতকুমার দাস, সাংস্কৃতিক সম্পাদক সুজিত ভদ্র ও রামচন্দ্র দাস, শিবন রায়, ইন্দ্রজিৎ দাস, প্রদীপ দাস, হেমন্ত রায়, নারায়ণ রায়, সুমা মালাকার, সুপা মালাকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।



