বরাক তরঙ্গ, ১ আগস্ট : ‘যুবসমাজের অংশগ্রহণ ও টেকসই উন্নয়ন’ শীর্ষক একটি গবেষণাগ্রন্থের আবরণ উন্মোচন করলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ। শুক্রবার উপাচার্যের সচিবালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে গ্রন্থটি প্রকাশ করা হয়। গ্রন্থের রচয়িতা আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি অ্যালবিন জোসেফ ও শিলংয়ের সেন্ট অ্যান্থনিস কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. বসকো এক্কা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক তরুণ বিকাশ সুকাই, ড. জি অ্যালবিন জোসেফ, ড. লালজো এস থাংজম প্রমুখ উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ আশাপ্রকাশ করে বলেছেন, এই গ্রন্থটি গবেষক, শিক্ষার্থী, নীতিনির্ধারক এবং উন্নয়নকর্মীদের জন্য এক মূল্যবান তথ্যসূত্র ও গবেষণা-সহায়ক গ্রন্থ হিসেবে বিশেষভাবে উপযোগী হবে।
গ্রন্থটিতে কাছাড় জেলার চা-বাগান অধ্যুষিত অঞ্চলে টেকসই উন্নয়ন অর্জনে যুবসমাজের ভূমিকা গবেষণালব্ধ তথ্য-উপাত্তের ভিত্তিতে বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। এতে দারিদ্র্য, লিঙ্গ বৈষম্য, জলবায়ুজনিত ঝুঁকি, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং সামাজিক বঞ্চনার মতো নানা চ্যালেঞ্জের পাশাপাশি যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ, সমাজকর্মভিত্তিক উদ্যোগ, স্বনিযুক্তির সুযোগ সৃষ্টি ও সম্প্রদায়ভিত্তিক উন্নয়নকে অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির কার্যকর মাধ্যম হিসেবে তুলে ধরা হয়েছে।



