নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৯ জুলাই : সোনাই বিধানসভা এলাকার উন্নয়নমূলক প্রকল্পের ধারাবাহিকতায় রবিবার সাতকরাকান্দি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের নবনির্মিত বাউন্ডারি দেওয়ালের উদ্বোধন করেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই বাউন্ডারি দেওয়ালের ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের উপস্থিতিতে বিধায়ক উন্নয়নমূলক পরিকাঠামো আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রুপ সদস্য রেবুল হোসেন লস্করসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

এরপর বিধায়ক ঝাঞ্ঝারবালি এলাকায় ৩ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয়ে নির্মিত একটি নতুন অঙ্গনওয়ারী কেন্দ্রেরও উদ্বোধন করেন। স্থানীয় শিশু ও গর্ভবতী এবং প্রসূতি মায়েদের পুষ্টি, স্বাস্থ্যসেবা ও প্রাক-প্রাথমিক শিক্ষার সুবিধা আরও উন্নত করতে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, নতুন অঙ্গনওয়ারী কেন্দ্র চালু হওয়ায় এলাকার শিশু ও মায়েদের জন্য সরকারি পরিষেবা আরও সহজলভ্য হবে। পাশাপাশি পঞ্চায়েত কার্যালয়ের বাউন্ডারি নির্মাণের ফলে প্রশাসনিক পরিকাঠামো আরও সুরক্ষিত ও সুসংগঠিত হবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।



