বরাক তরঙ্গ, ১ মে : কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর শিবাজিনগরে প্রবল ঝড়বৃষ্টির মধ্যে হাসপাতালের সীমানা দেওয়াল ধসে মৃত্যু হওয়া লোকদের মধ্যে রয়েছেন কাছাড় জেলার সোনাইয়ের এক যুবক। নিহত যুবক শিবপুর জিপির রূপাইবালি গ্রামের বাসিন্দা পাখি মিয়া লস্করের ছেলে আক্তার হোসেন লস্কর ওরফে নাসিম। তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। জানা গেছে, অসুস্থ ক্যান্সার আক্রান্ত বাবার চিকিৎসা ও সংসার চালানোর দায়িত্ব কাঁধে নিয়ে অল্প বয়সেই কর্মসূত্রে বেঙ্গালুরু গিয়েছিলেন আক্তার। বুধবার বিকেলে প্রবল ঝড়বৃষ্টির সময় কর্মস্থল থেকে ফেরার পথে সড়কের ফুটপাতের অস্থায়ী শেডের নিচে আশ্রয় নেন তিনি। তখন সেখানে আরও কয়েকজন পথচারীও দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ প্রবল ঝোড়ো হাওয়ার তাণ্ডবে ফুটপাত ঘেঁষা হাসপাতালের পুরনো সীমানা দেওয়াল ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আক্তার সহ সাতজনের। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
এদিকে, আক্তারের মৃত্যুসংবাদে নিজ গ্রাম রূপাইবালিতে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলেকে হারিয়ে দিশেহারা আত্মীয়স্বজন। সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে আজ শুক্রবার বিমানযোগে আক্তারের মরদেহ শিলচর পৌঁছাবে।



