বরাক তরঙ্গ, ১৭ জুন : আগামী ২২ জুন থেকে শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে শুরু হতে চলেছে অম্বুবাচী মহাযোগ। দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের আগমনে মুখর হয়ে উঠবে নীলাচল পাহাড়। প্রতি বছরের মতো এবারও অম্বুবাচী মেলায় বিপুল সংখ্যক ভক্ত ও পর্যটকের সমাগম হবে বলে প্রশাসনের অনুমান। ভক্তদের সুবিধার্থে ইতিমধ্যে নেওয়া হয়েছে একাধিক বিশেষ ব্যবস্থা এবং জোরকদমে চলছে প্রস্তুতি।
জানা গেছে, ২২ জুন সকাল ৮টা ৪৩ মিনিট ৩৯ সেকেন্ডে অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হবে। সেই সময় থেকেই কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে। আগামী ২৬ জুন অম্বুবাচীর নিবৃত্তি ঘটবে। এরপর দেবীর স্নান-আচার সম্পন্ন হওয়ার পর পুনরায় ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে।.অম্বুবাচী চলাকালীন ভক্তদের জন্য কামাখ্যায় যাতায়াতের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মাদকদ্রব্য সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি ভক্তদের জুতা বা স্যান্ডেল পরে পাহাড়ে না ওঠার আহ্বান জানানো হয়েছে।
যানবাহন চলাচলের ক্ষেত্রেও বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে। নার্সারি পয়েন্ট থেকে সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবার যানবাহন মন্দির চত্বরে প্রবেশের অনুমতি পাবে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত খাদ্যসামগ্রী বহনকারী যানবাহন চলাচল করতে পারবে। পথঘাটে কার্পেটিং, গণঘোষণার ব্যবস্থা এবং খাদ্যের মান পর্যবেক্ষণে খাদ্য পরিদর্শকদের মোতায়েন করা হবে।
ভক্ত ও কর্মীদের সুবিধার্থে ফেরি কার পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও প্রবীণ নাগরিকদের জন্য থাকবে আলাদা সুবিধা। পাণ্ডু রুট এবং সোনারাম স্কুল খেলার মাঠ থেকে ফেরি কার পরিষেবা চালু থাকবে। মন্দির চত্বরসহ আশপাশের এলাকায় পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ট্রাফিক ব্যবস্থাপনাতেও আনা হয়েছে একাধিক পরিবর্তন। পাণ্ডু পোর্টগামী যানবাহন আদাবাড়ি হয়ে চলাচল করবে। জালুকবাড়ি দিক থেকে আসা যানবাহন মালিগাঁও পর্যন্ত যেতে পারবে না। পাবলিক বাস উড়ালপুল ব্যবহার করতে পারবে, তবে সার্ভিস রোড দিয়ে যাত্রীবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।
এছাড়া, পার্কিংয়ের জন্য একাধিক নির্দিষ্ট স্থান চিহ্নিত করা হয়েছে। অম্বুবাচী মেলার সময় রাস্তার ধারে কোনো যানবাহন পার্ক করা যাবে না। প্রশাসনের অনুমান, এবার অম্বুবাচী উপলক্ষে প্রায় ৮ লক্ষ পর্যটক ও ভক্ত কামাখ্যায় সমবেত হতে পারেন।



