২২ এপ্রিল : রক্তস্নাত পহেলগাঁও হামলার এক বছর পূর্ণ হল আজ। গত বছরের সেই নারকীয় স্মৃতি হাতড়ে আজও কেঁপে উঠছে উপত্যকা তথা গোটা দেশ। গত ২২ এপ্রিল, ২০২৫ সালে দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর জঙ্গিদের বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। সেই ঘটনার প্রথম বর্ষপূর্তিতে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে সাফ জানিয়ে দিলেন, ভারত কোনও অবস্থাতেই সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না।
বুধবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ (সাবেক টুইটার) প্রধানমন্ত্রী লেখেন, ‘গত বছরের এই দিনে পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় হারানো নিরপরাধ প্রাণগুলোকে স্মরণ করছি। তাঁরা চিরকাল আমাদের স্মৃতিতে থাকবেন। শোকাতুর পরিবারগুলোর পাশে আমরা রয়েছি।’ এরপরই তিনি লেখেন, ‘একটি জাতি হিসেবে, আমরা শোক ও সংকল্পে ঐক্যবদ্ধ। ভারত কখনই কোনও ধরনের সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। জঙ্গিদের হীন চক্রান্ত কখনও সফল হবে না।’
পহেলগাঁও হামলার পালটা জবাবে গত বছরের ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। সেই অভিযানের নাম ছিল ‘অপারেশন সিন্দুর’। এদিন সেনার তরফেও এক কড়া বার্তায় বলা হয়েছে, ‘যখন মানবতার সব সীমা লঙ্ঘন করা হয়, তখন উত্তর হয় চূড়ান্ত ও নির্ণায়ক। বিচার আমরা সুনিশ্চিত করি।’
পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় মৃত পর্যটক এবং স্থানীয় ঘোড়াচালক আদিল শাহের স্মরণে তৈরি করা হয়েছে কালো মার্বেলের এক স্মৃতিস্তম্ভ। লিডার নদীর তীরে সেই স্তম্ভ আজ ফুলে ফুলে ছেয়ে গিয়েছে। উপত্যকাজুড়ে আজ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পহেলগাঁওয়ের সেই স্মৃতি আজও ভারতের বিবেকে দংশন করে। তবে প্রধানমন্ত্রীর আজকের বার্তা এবং সেনার হুঁশিয়ারি বুঝিয়ে দিয়েছে যে, নতুন ভারত আঘাত সহ্য করে চুপ থাকার নীতিতে আর বিশ্বাসী নয়।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।



