বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : বাইকের ধাক্কায় মৃত্যু ঘটল এক পথচারী। বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ ৩০৬ নম্বর জাতীয় সড়কের আউলিয়া বাজার সংলগ্ন উত্তর কৃষ্ণপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। মৃত ব্যক্তি বছর ষাটের জাকির হোসেন মজুমদার। তিনি সোনাই বারোহালির বাসিন্দা। দুর্ঘটনার পর বাইক ফেলে গা ঢাকা দেন চালক।
স্থানীয়দের ধারনা জাকির হোসেন সড়ক পারাপারের সময় দ্রুত গতির বাইকটি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। দুর্ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে রাঙ্গিরখাড়ি পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘণ্টা দুয়েক পর সোনাই থানার পুলিশ পৌঁছলে উপস্থিত জনতার মধ্যে ক্ষোভ দেখা দেয়। উত্তেজিত হয়ে ওঠেন জনতা।
উল্লেখ্য, জাকির হোসেন মজুমদার একটি ওয়ার্কসোপের নাইট গার্ড ছিলেন। ওই ওয়ার্কসোপের সামনেই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।




