দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল ক্যাপিটাল পয়েন্টে অবস্থিত স্মারক স্তম্ভের ফলক ভেঙে পড়ে চরম অবহেলার চিত্র সামনে এল। রোটারি সংলগ্ন এই স্তম্ভটির মার্বেল পাথরে খোদাই করা স্মারক লিপিগুলি ভেঙে গিয়ে বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে।
কয়েক বছর আগে নির্মিত এই স্মারক স্তম্ভটি শহরের গৌরব ও ঐতিহ্যের প্রতীক হিসেবে স্থাপন করা হলেও বর্তমানে তা প্রায় ধ্বংসের মুখে। স্থানীয়দের মতে, নির্মাণের পর রক্ষণাবেক্ষণের অভাবে এই পরিণতি হয়েছে, যা প্রশাসনিক উদাসীনতারই বহিঃপ্রকাশ।
অভিযোগ, শিলচরে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক স্থাপনা তৈরি হলেও সেগুলির নিয়মিত দেখভাল করা হয় না। ক্যাপিটাল পয়েন্টের এই স্মারক স্তম্ভের বর্তমান অবস্থা সেই অভিযোগকে আরও জোরালো করেছে। দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকলেও প্রশাসন, সমাজসেবী সংগঠন কিংবা জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলেও দাবি তাঁদের।
শহরের ঐতিহাসিক ও সৌন্দর্যবর্ধক স্থাপনাগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। তাঁদের আশঙ্কা, দ্রুত সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও বহু গুরুত্বপূর্ণ স্থাপনা একই পরিণতির শিকার হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে শিলচরের ঐতিহ্য রক্ষায় দীর্ঘদিনের অবহেলা আবারও সামনে উঠে এসেছে।



