দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ মে : কাল ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সঙ্গীত বিদ্যালয়। এই অনুষ্ঠানের প্রাক্কালে শিলচর শহরের ইন্ডিয়া ক্লাবের পয়েন্টে থাকা রবি ঠাকুরের মূর্তি পরিষ্কারে হাত লাগালেন ‘জন সম্প্রীতি’ সংগঠনের কর্মকর্তারা।
শুক্রবার দুপুরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রসেনজিৎ দেব, উপদেষ্টা গীতন নাথ, প্রাক্তন পুর সদস্যা মধুমিতা শর্মা সহ সংগঠনের সদস্য মিতালী মল্লিক, পিনাক রায়, মামন রায়, তাপস মল্লিক এবং অন্যান্য কর্মী-সমর্থকরা।

সংগঠনের সভাপতি প্রসেনজিৎ দেব জানান, এই উদ্যোগের মাধ্যমে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, বরাক উপত্যকার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে।



