বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : অপরাধীর বিরুদ্ধে ফের অভিযান চালিয়ে পুলিশের গুলিতে আহত হল হত্যাকাণ্ডের এক অভিযুক্ত। নাজিরা মহকুমার বিহুবর রঙাজান বেংগলি বস্তিতে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযুক্ত বিকি সিংকে নাগাল্যান্ড থেকে অসমে নিয়ে আসার সময় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, অসমে আনার পথে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে বিকি সিং। সেই সময় তাকে লক্ষ্য করে পুলিশ গুলি চালায়। গুলিতে আহত বিকি সিংকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ড্রাগসের কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বিকি সিংয়ের বিরুদ্ধে। অভিযোগ, কোনও বিষয় নিয়ে বচসার পর তিনি ধারালো অস্ত্র দিয়ে বিমান বরুয়াকে আক্রমণ করেন। গুরুতর আহত বিমান বরুয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
শুক্রবার নাজিরা মহকুমার বিহুবর রঙাজান বেংগলি বস্তি এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বিকি সিং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে নাগাল্যান্ড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
নাগাল্যান্ড থেকে অসমে নিয়ে আসার সময় ফের পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায় বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও ড্রাগস পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বিকি সিংয়ের জড়িত থাকার অভিযোগ ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



