মোদির ১২ বছরের উন্নয়নযাত্রা : শিলচরে বরিষ্ঠ নাগরিকদের সঙ্গে মতবিনিম পরিমলের

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দেশের ইতিহাসে দীর্ঘতম সময়ের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ঐতিহাসিক অবদানকে সামনে রেখে শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য রবিবার শিলচর বিধানসভা এলাকার বিভিন্ন মণ্ডলে বরিষ্ঠ নাগরিক, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় সাংসদ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে গত এক দশকেরও বেশি সময়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে সংঘটিত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক প্রকল্পের বিস্তারের বিষয় তুলে ধরেন। পাশাপাশি ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে কেন্দ্র সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল ইন্ডিয়া, প্রধানমন্ত্রী জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা, কৃষক কল্যাণ কর্মসূচি, নারী ক্ষমতায়ন এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে ভারত আজ বিশ্বমঞ্চে একটি শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং উন্নয়নমুখী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। উন্নয়ন ও জনকল্যাণের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন বাস্তবায়নের পথে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির দীর্ঘতম মেয়াদের ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে কেন্দ্রীয় বিজেপির নির্দেশনায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য ১১ জুন থেকে ধারাবাহিক জনসংযোগ কর্মসূচি শুরু করেন। বড়খলা ও সোনাই বিধানসভা এলাকায় বিভিন্ন কর্মসূচির পর রবিবার শিলচর বিধানসভার তিনটি মণ্ডলে বরিষ্ঠ নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এই কর্মসূচি অব্যাহত রাখা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট নাগরিকরা প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশের উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান মর্যাদার প্রশংসা করেন। পাশাপাশি ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে নিজেদের সমর্থন ও অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে সাংসদ পরিমল শুক্লবৈদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করেন এবং দেশের অব্যাহত উন্নয়ন, সমৃদ্ধি ও জনকল্যাণের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *