কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৪ জুন : লক্ষীপুরে জুয়া খেলার বিরুদ্ধে পরিচালিত পুলিশ-কমান্ডোর অভিযানের পর এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবকের নাম মুহিত। ঘটনাটি ঘটেছে লক্ষীপুর শহরের চিরিপার এলাকার চিরি নদীর তীরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার চিরি নদীর পাড়ে কয়েকজন যুবক জুয়ার আসরে মত্ত ছিলেন। সেই সময় হঠাৎ করেই পুলিশ-কমান্ডোর একটি দল সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীকে দেখে উপস্থিত যুবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার তাগিদে কয়েকজন যুবক সরাসরি চিরি নদীতে ঝাঁপ দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজন যুবক সাঁতরে নদী পার হয়ে নিরাপদে চলে যেতে সক্ষম হলেও মুহিত নামের এক যুবক আর ফিরে আসেননি। অভিযোগ অনুযায়ী, নদী পার হয়ে তিনি একটি গাছের ওপর আশ্রয় নিয়েছিলেন। পরে কমান্ডো বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছালে তিনি পুনরায় নদীতে ঝাঁপ দেন। এরপর তীব্র স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হয়ে পড়েন বলে স্থানীয়দের দাবি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। নিখোঁজ যুবকের সন্ধানে চিরি নদীতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। তবে সংবাদ লেখা পর্যন্ত মুহিতের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, অভিযানে অংশ নেওয়া পুলিশ বা কমান্ডো দলের পরিচয় এখনও স্পষ্ট নয়। ঘটনাটি নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন। নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।



