শিলচরের কনকপুর রোডে রিটেইনিং দেওয়াল নির্মাণের শিলান্যাস রাজদীপের

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : শিলচর শহরের কনকপুর রোডের পরিকাঠামো উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রীর নগরীয়া পাখি পথ নির্মাণ আচনি (এমএমএনপিপিএনএ)-এর অধীনে ২০২৫-২৬ অর্থবর্ষের এসওপিডি-জি তহবিল থেকে ৩২ লক্ষ টাকা ব্যয়ে একটি রিটেইনিং দেওয়াল নির্মাণ কাজের শিলান্যাস করেন শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়।

কনক সংঘ ক্লাবের নিকটবর্তী এলাকা থেকে মহাদেব বাড়ি পর্যন্ত রাস্তার তৃতীয় অংশে ১১১ মিটার দীর্ঘ এই দেওয়াল নির্মাণ করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী দেওয়ালটির উচ্চতা পাঁচ ফুট নির্ধারণ করা হয়েছে। এই উপলক্ষে কনক সংঘ ক্লাবে একটি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিধায়ক ডাঃ রাজদীপ রায়-সহ উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান ক্লাবের সদস্য ও ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কার্যকর্তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাছাড় জেলা যুব মোর্চার সহ-সভাপতি রঞ্জিত রায়।

সভায় পূর্ত বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার জহিরুল চৌধুরী জানান, বিভাগের অগ্রাধিকারের ভিত্তিতে এই নির্মাণকাজ হাতে নেওয়া হয়েছে। বর্ষাকালে জলের চাপে যাতে দেওয়ালের ক্ষতি না হয়, সে জন্য মজবুত ভিত্তি ও উপযুক্ত পাইলিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
নির্মাণকাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার শ্যামল দাস বলেন, প্রাথমিকভাবে পাঁচ ফুট উচ্চতার পরিকল্পনা থাকলেও এলাকার সুরক্ষার কথা বিবেচনা করে দেওয়ালটি আরও মজবুত করার পাশাপাশি উচ্চতা ছয় ফুট পর্যন্ত বাড়ানোর চেষ্টা করা হবে। সরকারি নির্দেশিকা মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নতমানের কাজ সম্পন্ন করাই তাঁদের লক্ষ্য।

২৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলার পুলক দাস বলেন, শিলচর পৌর নিগম নির্বাচনের পর এলাকায় এটিই প্রথম সরকারি অনুষ্ঠান। আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ না করলেও এলাকার সার্বিক উন্নয়নে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগামী দিনেও উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিধায়ক ডাঃ রাজদীপ রায় বলেন, এলাকার দীর্ঘমেয়াদি সুরক্ষা ও উন্নয়নের স্বার্থে খালের পশ্চিম পাশে একটি স্থায়ী রিটেইনিং দেওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ বাউন্ডারি দেওয়ালের পরিবর্তে বিশেষ কারিগরি পরিকল্পনা অনুযায়ী প্রায় ছয় মিটার গভীরে পাইলিং করে মজবুত বিমের উপর দেওয়ালটি নির্মাণ করা হবে। মন্দিরের সামনের অংশ পর্যন্ত দেওয়াল নির্মাণের পাশাপাশি নালার জলনিকাশি ক্ষমতা অক্ষুণ্ণ রেখে রাস্তার প্রস্থ বাড়ানোরও পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলার পুলক দাস, পূর্ত বিভাগের এসডিও সুজিত বৈষ্ণব, জুনিয়র ইঞ্জিনিয়ার জহিরুল চৌধুরী, কনকপুর জিপির প্রাক্তন সদস্য প্রাঞ্জল পাল ও সুস্মিতা পাল, বিনয় চন্দ, বিপ্লব দে, কনক সংঘ ক্লাবের সভাপতি মিহির দাস, সাধারণ সম্পাদক মিঠুন দত্ত-সহ ক্লাবের সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *