স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত মোদি

Spread the news

১৬ জুন : স্লোভাকিয়া সফরে গিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস’ (প্রথম শ্রেণি)-এ ভূষিত হলেন তিনি স্বাধীন স্লোভাকিয়া রাষ্ট্র গঠনের পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দেশটিতে পা রেখেছেন মোদি। এই সম্মানটি প্রধানমন্ত্রীর ঝুলিতে আসা ৩৩তম আন্তর্জাতিক পুরস্কার।

সোমবার স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পরে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গেও উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে বৈঠক করেন মোদি। উভয় দেশের মধ্যে শ্রম অভিবাসন এবং ডিজিটাল প্রযুক্তি সংক্রান্ত একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী মোদি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই সম্মান কেবল আমার নয়, এটি ভারতের ১৪০ কোটি মানুষের। এই পুরস্কার ভারত ও স্লোভাকিয়ার দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতীক।’

সফরসূচির অংশ হিসেবে, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে রাষ্ট্রপতির ভবনে একটি বিশেষ যোগাভ্যাসের আয়োজন করা হয়, যেখানে দুই রাষ্ট্রনেতা অংশগ্রহণ করেন। এছাড়াও মোদি তাঁর সংসদীয় কেন্দ্র বারাণসীর আদলে তৈরি একটি বিশেষ প্রদর্শনী পরিদর্শন করেন। পরে তিনি ব্রেটিস্লাভাতে ‘টম্ব অফ দ্য আননোন সোলজার’-এ মাল্যদান করে স্লোভাকিয়ার শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, ২০২৫ সালে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্লোভাকিয়া সফর এবং এবছর স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলেগ্রিনির ভারত সফরের পর মোদির এই সফর দুই দেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করল। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ শীর্ষস্থানীয় প্রতিনিধিরা এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েছেন। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও স্লোভাকিয়ার সম্পর্কের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *