
৩০ অক্টোবর : বসনিয়ায় ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশন ইইউফোরের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিয়মিত প্রশিক্ষণ চলাকালে ইতালির সামরিক বাহিনীর একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে।
ইইউফোর সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে।

এদিকে, ইতালি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে থাকা সকলেই ইতালির নাগরিক ছিলেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত চারজনের মধ্যে দুজন সেনাসদস্য এবং দুজন রেড ক্রসের স্বেচ্ছাসেবক রয়েছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো। শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই গভীর শোকের মুহূর্তে তাঁর প্রথম চিন্তা নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে।

ব্যক্তিগতভাবে এবং ইতালির প্রতিরক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তিনি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। ঘটনাটি ঘিরে সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে।



