নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৭ জুন : সোনাই বিধানসভা এলাকার বিভিন্ন নদীভাঙনপ্রবণ ও ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। জলসম্পদ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি তুন্দুরকান্দি, ঝাঞ্জারবালি, সোনাই পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস সংলগ্ন তোলারগ্রাম এবং সোনাই-ছোট মামদা পূর্ত সড়কের কাপ্তানপুর এলাকার রাঙ্গারপারসহ একাধিক নদীভাঙন কবলিত এলাকা সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে বিধায়ক ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন এবং নদীভাঙন প্রতিরোধে দ্রুত ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জলসম্পদ বিভাগের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের উদ্বেগ, সমস্যা ও দাবি-দাওয়ার বিষয়েও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেন।
বিধায়ক আমিনুল হক লস্কর বলেন, নদীভাঙনের ফলে বহু পরিবার ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে। তাই সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন জলসম্পদ বিভাগের অতিরিক্ত কার্যনির্বাহী অভিযন্তা প্রতুল পাটোয়ারী, সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার দিরাজ দেওয়ান, কার্যনির্বাহী অভিযন্তা কে. জামান, এসডিও বদরুল ইসলাম লস্করসহ বিভাগের অন্যান্য আধিকারিকরা।
পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক নদীভাঙন রোধে গৃহীত উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।



