নির্বাচিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে প্রণাম, আবেগঘন মুহূর্তে মিলন দাস

Spread the news

বরাক তরঙ্গ, ৬ মে : অসম বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর এক অনন্য নজির গড়লেন হাইলাকান্দি কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক মিলন দাস। নিজের শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত প্রিয় প্রতিষ্ঠান আসাম বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে নতশিরে প্রণাম জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

বুধবার হাইলাকান্দি থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হওয়ার পথে কাছাড়ের আইরংমারা এলাকায় অবস্থিত আসাম বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে প্রণাম জানান বিধায়ক। এই ঘটনাকে ঘিরে এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পরবর্তীতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে মিলন দাস জানান, “হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর গুয়াহাটিগামী পথে আমি আমার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান আসাম বিশ্ববিদ্যালয়ে ফিরে যাই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নতমস্তকে প্রণাম জানিয়ে জীবনের সেই অমূল্য দিনগুলিকে আবার অনুভব করলাম।”

তিনি আরও বলেন, “এই বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার থেকে শুরু করে বিস্তীর্ণ আইরংমারা অঞ্চলের প্রতিটি কোণায় জড়িয়ে আছে আমার ছাত্রজীবনের অসংখ্য স্মৃতি, আবেগ ও অভিজ্ঞতা। এখানে কাটানো সময় শুধু আমাকে শিক্ষাগত যোগ্যতা দেয়নি, বরং স্থানীয় মানুষের সঙ্গে গভীর আত্মিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছে।”

পুরনো স্মৃতিচারণ করে বিধায়ক জানান, বহুদিন পর সেই চেনা প্রাঙ্গণে ফিরে এসে তাঁর হৃদয় কৃতজ্ঞতা ও ভালোবাসায় ভরে উঠেছে। এই ঘটনা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেকেই বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *