কিশোর নাথকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি

Spread the news

বরাক তরঙ্গ, ৬ মে : সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বড়খলা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কিশোর নাথকে রাজ্যের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে সরব হলেন তাপাং ব্লকের জনগণ। বুধবার দিগর-শ্রীকোণা এলাকায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিধায়কের সমর্থক ও স্থানীয় বাসিন্দারা একযোগে এই দাবি তোলেন।

সাংবাদিক সম্মেলনে বক্তারা জানান, ডিলিমিটেশনের পূর্বে বৃহত্তর তাপাং ব্লক আলগাপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল। সেই সময় এলাকায় প্রত্যাশিত উন্নয়ন না হওয়ার অভিযোগও তোলেন তাঁরা। তবে বর্তমানে তাপাং ব্লক বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হওয়ায় জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি উন্নয়নের নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে বলে মত প্রকাশ করেন বক্তারা।

তাঁদের দাবি, কিশোর নাথ একজন মানবদরদী ও জনকল্যাণমুখী জনপ্রতিনিধি। তাঁকে যদি আসাম বিধানসভার মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়, তাহলে বড়খলার পাশাপাশি বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকাতেও উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।

এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া সহ দলের শীর্ষ নেতৃত্বের কাছে কিশোর নাথকে আসন্ন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানান তাপাং ব্লকের জনগণ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শনীলাল দাস, কাজল রায়, রায়মোহন দাস, মনোজিৎ দাস, হরকুমার দাস, সঞ্জু চক্রবর্তী, কমল সরতি, হীরালাল দাস, সুব্রত নাথসহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *