ভূবনেশ্বর সাধু ঠাকুরের ১৫৭তম আবির্ভাব তিথি উদযাপন, গেটের শিলান্যাস বিধায়কের

Spread the news

স্মৃতিসভায় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বড়খলার বিধায়ক কিশোর নাথ, জন্মভিটেকে ‘ভূবনেশ্বর ধাম’ হিসেবে স্বীকৃতির আশ্বাস

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের আরাধ্য মহাপুরুষ ভূবনেশ্বর সাধু ঠাকুরের ১৫৭তম আবির্ভাব তিথি উপলক্ষে উৎসবের আবহে মেতে উঠল তাঁর জন্মভিটে বড়খলার ভূবনেশ্বরনগর। দিনটি উপলক্ষে ভক্তি, শ্রদ্ধা ও আধ্যাত্মিক পরিবেশে দিনভর বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন সকালে নগর পরিক্রমার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সূচনা। পরে অনুষ্ঠিত হয় ভূবনেশ্বর সাধু ঠাকুরের স্মৃতিসভা, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্মৃতিসভায় উপস্থিত থেকে বড়খলার বিধায়ক কিশোর নাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ভূয়সী প্রশংসা করেন।

বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রকে সামনে রেখে যেভাবে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, একইভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও অসমের সার্বিক উন্নয়নের পাশাপাশি রাজ্যের কলা, কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

এদিন ভূবনেশ্বর সাধু ঠাকুরের জন্মভিটে ভূবনেশ্বরনগর গ্রামকে ‘ভূবনেশ্বর ধাম’ হিসেবে অভিহিত করেন বিধায়ক কিশোর নাথ। পাশাপাশি গ্রামটিকে আনুষ্ঠানিকভাবে ‘ভূবনেশ্বর ধাম’ হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস দেন তিনি।

অন্যদিকে, আবির্ভাব তিথি উপলক্ষে বুরুঙ্গা স্টার সিমেন্ট কারখানার উদ্যোগে ভূবনেশ্বরনগর গ্রামের প্রবেশপথে একটি সুবিশাল স্থায়ী প্রবেশদ্বার নির্মাণের শিলান্যাস করা হয়। শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক কিশোর নাথের পাশাপাশি উপস্থিত ছিলেন বুরুঙ্গা স্টার সিমেন্ট কারখানার চিফ কো-অপারেটিভ অফিসার প্রদীপ পুরোহিত-সহ সংস্থার অন্যান্য প্রতিনিধিরা।

মহাপুরুষ ভূবনেশ্বর সাধু ঠাকুরের স্মৃতি ও আদর্শকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাঁর জন্মভূমিকে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশাই এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে গুরুত্ব পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *