বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ মে : বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও গণতান্ত্রিক সৌজন্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। নির্বাচনে সমর্থন জানানো সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জাতি-ধর্ম নির্বিশেষে পাশে থাকার জন্য নাগরিকদের ধন্যবাদ জানান।
একইসঙ্গে বিজয়ী বিজেপি প্রার্থী ডঃ রাজদীপ রায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অভিজিৎ পাল আশা প্রকাশ করেন, জনগণের আস্থা অটুট রেখে তিনি শিলচরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পাশাপাশি, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজদীপ রায়কে মন্ত্রী করার দাবিও জানান তিনি, যাতে এলাকার সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হয়।
পরাজয়ের পরও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করে অভিজিৎ পাল বলেন, যে কোনও অন্যায় বা দুর্নীতির বিরুদ্ধে তিনি আগামীতেও সোচ্চার থাকবেন।
তবে ভোট গণনা প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কিছু কেন্দ্রে ইভিএমে সম্ভাব্য কারচুপির অভিযোগ তুলে বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন, যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে।
উল্লেখ্য, ওইদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সুজন দত্ত, দেবদীপ (বুবু) দত্ত, সীমান্ত ভট্টাচার্যসহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।



