
বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : ডিগারুতে দুর্ঘটনার পর ঊর্ধ্বমুখী লাইনে রেল চলাচল ইতিমধ্যেই স্বাভাবিক করা হয়েছে। ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী—উভয় লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন স্টেশনে আটকে রাখা ট্রেনগুলিও পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকটি ট্রেন বাতিল করা হয়। এর মধ্যে ১১ নভেম্বরের ৭৫৭২৭/৭৫৭২৮ নম্বর গুয়াহাটি–হয়বরগাঁও–গুয়াহাটি ডিএমইউ ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি ১১ নভেম্বরের ১৫৬৭৬ নম্বর গুয়াহাটি–নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এবং ১২ নভেম্বরের ১৫৬৭৫ নম্বর নিউ জলপাইগুড়ি–গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।

এ দিকে, দুর্ঘটনার পর লাইনচ্যুত ট্রেনের সমস্ত যাত্রীকে তাঁদের গন্তব্য সাইরাংয়ের উদ্দেশ্যে পাঠানোর জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। বিশেষ ট্রেনটি সকাল ১১টা ৩০ মিনিটে ডিগারু স্টেশন থেকে যাত্রা শুরু করে। এদিকে, আটকে পড়া যাত্রীদের পানীয় জল ও খাবার সরবরাহ করা হয়।

রেল সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার-সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ধার ও পুনরুদ্ধার কাজের তদারকির পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

এই দুর্ঘটনার ফলে যাত্রীদের যে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, তার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ এবং রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতিও দিয়েছে রেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বুধবার সকাল প্রায় ৬টা ৫৪ মিনিটে গুয়াহাটি–লামডিং রেলপথের ডিগারু রেলস্টেশনে লাইনচ্যুত হয় ১৩১২৫ নম্বর কলকাতা–সাইরাং এক্সপ্রেস। অন্য একটি ট্রেনকে অগ্রাধিকার দিয়ে লুপ লাইনে প্রবেশ করার সময় ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি কামরা লাইনচ্যুত হয়। তবে এই দুর্ঘটনায় কোনও যাত্রীর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।



