বরাক তরঙ্গ, ২৮ জুন : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে হাইলাকান্দিতে অনুষ্ঠিত নাগরিক সভা থেকে আন্দোলনকে সর্বাত্মক সমর্থনের আশ্বাস দিলেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস। তিনি বলেন, হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের প্রায় ২ লক্ষ ২২ হাজার ভোটার এই ন্যায্য দাবির পক্ষে রয়েছেন এবং ভবিষ্যতে এ বিষয়ে যে কোনও গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয়ভাবে পাশে থাকবেন।
রবিবার শহরের মৈত্রী ভবনে বরাক উপত্যকা গৌহাটি হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটির উদ্যোগে আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক বলেন, বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি বহুদিনের। তাঁর মতে, এই দাবি অনেক আগেই বাস্তবায়িত হওয়া উচিত ছিল। তিনি জানান, অতীতেও এ দাবির সমর্থনে স্মারকলিপি প্রদান করেছেন এবং সাংবিধানিক ও রাজনৈতিক পরিসরের মধ্যে থেকে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করবেন। আন্দোলনের কর্মসূচি সম্পর্কে তাঁকে জানানো হলে তিনি তাতেও অংশ নেবেন বলে আশ্বাস দেন।
সভায় শিলচর থেকে উপস্থিত ছিলেন ইমপ্লিমেন্টেশন কমিটির কাছাড় জেলা সাধারণ সম্পাদক নিখিল পাল, আইনজীবী ধর্মানন্দ দেব, পঙ্কজ কান্তি দে, প্রবাল দেব, প্রসেনজিৎ দেব, জ্যোতির্ময় নাথ, তুহিনা শর্মা ও দেবোমিতা চক্রবর্তীসহ বিশিষ্ট ব্যক্তিরা। বরিষ্ঠ নাগরিক সংস্থার সভাপতি ডাঃ নারায়ণ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত ভাষণ দেন আহ্বায়ক অনিন্দ্য কুমার নাথ এবং সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন অরুণ কুমার দাস। এদিন শিলচর থেকে আগত প্রতিনিধিদের পাশাপাশি বিধায়ক ড. মিলন দাসকেও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়।

হাইলাকান্দির আইনজীবী পৃথ্বীশকান্তি দাস হাইকোর্ট বেঞ্চ স্থাপনের পক্ষে যুক্তি তুলে ধরে বরাক উপত্যকার মধ্যবর্তী এলাকা পাঁচগ্রামে বেঞ্চ স্থাপনের প্রস্তাব দেন। সভায় উপস্থিত প্রায় দুই ডজন বক্তা বরাকবাসীর দীর্ঘদিনের এই ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
কবি ও লেখক সুশান্ত মোহন চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রঞ্জিত ঘোষ, মাধবী শর্মা, সন্দীপন পাল, শঙ্কর চৌধুরী, নবজিৎ গুপ্ত, ভগবান দাস সারদা, সুনীল কুমার শর্মা, সজল ভট্টাচার্য, মনোজ মোহন দেব, সামস উদ্দিন বড়লস্কর, সুব্রত শর্মা মজুমদার, দীপঙ্কর দত্ত ও অসিত কুমার পালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
এদিকে, বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিকে আরও শক্তিশালী করতে সভায় হাইলাকান্দি জেলা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যান মানব চক্রবর্তী। সাধারণ সম্পাদক হন অরুণ কুমার দাস এবং সম্পাদক নির্বাচিত হন অনিন্দ্য কুমার নাথ। উপ-সভাপতি হিসেবে মনোনীত হন আইনজীবী পৃথ্বীশ কান্তি দাস ও ভগবান দাস সারদা। সহকারী সম্পাদক নির্বাচিত হন আইনজীবী নমিতা দেবনাথ, প্রচার সম্পাদক সাংবাদিক মিঠুলাল চৌধুরী এবং কোষাধ্যক্ষ হন গৌতম গৌড়।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বিধায়ক ড. মিলন দাস, স্বপন ভট্টাচার্য, সুব্রত শর্মা মজুমদার, কল্যাণ গোস্বামী, মনোজ মোহন দেব, মাধবী শর্মা, সামস উদ্দিন বড়লস্কর, ডাঃ নারায়ণ দেবনাথ, সুশান্ত মোহন চট্টোপাধ্যায়, রঞ্জিত ঘোষ, গৌতম গুপ্ত, সন্দীপন পাল ও সুরজ সেন প্রমুখ। সভা শেষে সভাপতি ডাঃ নারায়ণ দেবনাথ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।



