বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : মেঘালয়জুড়ে ‘স্টিং’ এনার্জি ড্রিঙ্কের বিক্রি, মজুত ও বিতরণে অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের খাদ্য নিরাপত্তা কমিশনারেট। এনার্জি ড্রিঙ্কটি পান করার সঙ্গে এক ছাত্রের কথিত মৃত্যুর ঘটনা জড়িত থাকার অভিযোগে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল A•chik State Peoples’ Front (ASPF)। সেই দাবির পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে জানা গেছে।
শুক্রবার ২০০৬ সালের Food Safety and Standards Act-এর ৩৮(১)(c) ধারার অধীনে এই নির্দেশ জারি করেন খাদ্য নিরাপত্তা কমিশনার ড. জোরাম বেদা। ক্যাফেইনযুক্ত এই পানীয়টির নিরাপত্তা, সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এবং লেবেল সংক্রান্ত নিয়ম না মানার অভিযোগ নিয়ে বিভিন্ন আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব পাওয়ার পর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, স্কুলপড়ুয়া শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে ‘স্টিং’-এর সহজলভ্যতা ও সেবনের প্রবণতা রয়েছে। অথচ পানীয়টিতে থাকা ক্যাফেইনের মাত্রা, উপাদান এবং বাধ্যতামূলক স্বাস্থ্য সতর্কবার্তা যথাযথভাবে যাচাই করা হয়নি বলে অভিযোগ।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকারি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা না হওয়া পর্যন্ত ‘স্টিং’-এর বাণিজ্যিক বিক্রির ওপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। নির্মাতা, স্টকিস্ট, পরিবেশক, পাইকারি ও খুচরা বিক্রেতা, ভেন্ডর এবং অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মসহ সমস্ত খাদ্য ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অবিলম্বে পানীয়টির বিক্রি, প্রদর্শন, মজুত, বিপণন ও বিতরণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে মজুত থাকা ‘স্টিং’-এর সমস্ত স্টক আলাদা করে সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থায় রাখতে হবে। নিষেধাজ্ঞা জারি থাকা অবস্থায় সেই মজুত সরানো, স্থানান্তর করা বা গোপনে নষ্ট করার চেষ্টা হলে ২০০৬ সালের Food Safety and Standards Act-এর ৫৫ ও ৫৭ ধারায় এবং ২০১১ সালের সংশ্লিষ্ট বিধি ও নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খাদ্য নিরাপত্তা কমিশনারেটের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেঘালয়ের সব জেলায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সরকারি পরীক্ষাগারের রিপোর্ট পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


