পাথারকান্দি কমিউনিটি হেলথ সেন্টারের অ্যাম্বুলেন্স দিলেন কৃষ্ণেন্দু পাল

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : পাথারকান্দির স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলো। বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের (MLAADS) অধীনে মঞ্জুরিকৃত একটি নতুন অ্যাম্বুলেন্স রবিবার পাথারকান্দি কমিউনিটি হেলথ সেন্টারের (CHC) হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। স্থানীয় বিধায়ক তথা অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্যোগে এই অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে।

এদিন পাথারকান্দি কমিউনিটি হেলথ সেন্টারের এসডিএম অ্যান্ড এইচও ডাঃ বিকে সিংয়ের হাতে নতুন অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হয়। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথারকান্দির সিডিসি ত্রিদিব রায়-সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য আধিকারিকরা।

উল্লেখ্য, পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার বহু মানুষকে জরুরি চিকিৎসার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে হাসপাতালে পৌঁছতে হয়। বিশেষ করে পথ দুর্ঘটনা, প্রসূতিজনিত জরুরি পরিস্থিতি এবং গুরুতর অসুস্থতার ক্ষেত্রে দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই অ্যাম্বুলেন্স চালু হলে রোগীদের দ্রুত স্বাস্থ্যকেন্দ্র কিংবা উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করার ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় মহলের মতে, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থে স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এর ফলে পাথারকান্দির সাধারণ মানুষের জরুরি চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *