বিমানবন্দরে আচমকাই যাত্রীর পিস্তল থেকে চলল গুলি, জখম ২ কর্মী

Spread the news

১৬ আগস্ট : উত্তরপ্রদেশের বারাণসী বিমানবন্দরে আচমকা গুলি চলার অভিযোগ। গুরুতর জখম বিমানবন্দরের দুই কর্মী। রবিবার সকালে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে। এ দিন সিকিউরিটি চেকিংয়ের সময়ে এক যাত্রীর লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকে অসাবধানতাবশত গুলি চলে। আচমকা গুলির শব্দে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে।

পুলিশ সূত্রে খবর, এ দিন উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা কমলেশ রাই স্ত্রী-কে সঙ্গে নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটে করে মুম্বই যাচ্ছিলেন। তাঁর কাছে লাইসেন্সপ্রাপ্ত পিস্তল ছিল। ফ্লাইটে ওঠার আগে সিকিউরিটি চেকিংয়ের সময়ে বিমানবন্দরের কর্মীদের তিনি সঙ্গে থাকা পিস্তলের কথা জানান। নিয়ম অনুযায়ী, বিমানবন্দরের কর্মীরা তাঁর পিস্তল ও গুলি পরীক্ষা করছিলেন। তখনই অসাবধানতাবশত বন্দুক থেকে গুলি চলে।

জখম দুই নিরাপত্তা কর্মীকে স্থানীয় নিউ লক্ষ্মী ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল। ঘটনার খবর পেয়ে বিমানবন্দরে পৌঁছন গোমতী জ়োনের ডিসিপি এবং পিন্দ্রার এসিপি-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।

নিয়ম অনুযায়ী, হ্যান্ডলিং চার্জ দিয়ে লাইসেন্সপ্রাপ্ত পিস্তল রেজিস্টার্ড ব্যাগেজে নিয়ে যাওয়া যায় ফ্লাইটে। তবে পরীক্ষার সময় কী ভাবে গুলি চলল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, পুলিশকে সব জানানো হয়েছে। ঘটনার যথাযথ তদন্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *