এমবাপ্পের জোড়া গোলে দুর্দান্ত জয় ফ্রান্সের

Spread the news

১ জুলাই : বিশ্বকাপে দুর্দান্ত গোলের ধারাবাহিকতা বজায় রেখেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। গ্রুপ পর্বের পর নকআউটেও ছিলেন সমান বিধ্বংসী। তার জোড়া গোল ও মাইকেল ওলিসের তিন অ্যাসিস্টে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স।

মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ফরাসিদের দখলে। বলের দখল, আক্রমণের তীব্রতা এবং সুযোগ তৈরিতে প্রতিপক্ষকে একপ্রকার ছাপিয়ে যায় তারা। প্রথমার্ধেই সুইডেনের ৩টি শটের বিপরীতে ফ্রান্স নেয় ১৫টি শট।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। আর সেই আক্রমণের নেপথ্য নায়ক ছিলেন উইঙ্গার মাইকেল ওলিসে। ম্যাচের ৫৩ মিনিটে তার নিখুঁত পাস থেকে সহজ ফিনিশে ব্যবধান ২-০ করেন ব্র্যাডলি বারকোলা।

এরপর ৭৪ মিনিটে আবারও জ্বলে ওঠে ওলিসে-এমবাপ্পে জুটি। ওলিসের রক্ষণভেদী পাস ধরে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৮।

একই সঙ্গে বিশ্বকাপের নকআউট পর্বে এমবাপ্পের গোলসংখ্যা বেড়ে হয় ১০, যা বিশ্বকাপ ইতিহাসে এককভাবে সর্বোচ্চ। তিনি পেছনে ফেলেছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও ও লিওনিদাসকে, যাদের দুজনেরই নকআউটে গোল ছিল ৮টি করে। এছাড়া বিশ্বকাপে ২৯ ম্যাচে ১৯ গোল করা লিওনেল মেসির রেকর্ড থেকেও এখন মাত্র এক গোল দূরে অবস্থান করছেন ফরাসি এই সুপারস্টার।

বাকি সময়ে আর কোনও গোল না হলে ৩-০ ব্যবধানের স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *