ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগার থেকে এক দিনের প্যারোলে মুক্তি পেলেন অমৃতপাল সিং

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে কড়া নিরাপত্তার ঘেরাটোপে বন্দিজীবন কাটানো ‘ওয়ারিস পাঞ্জাব দে’-র প্রধান অমৃতপাল সিং এক দিনের জন্য প্যারোল পেলেন। ঠাকুমার শেষকৃত্যে অংশগ্রহণের জন্য তাঁকে এই প্যারোল মঞ্জুর করেছে অমৃতসরের আদালত।

গত রবিবার অমৃতপাল সিংয়ের ঠাকুমা চরণ কৌরের মৃত্যু হয়। তাঁর শেষকৃত্যে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে আদালত মাত্র এক দিনের প্যারোল মঞ্জুর করে।

বর্তমানে ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে বন্দি অমৃতপাল সিংকে আজ, ১৪ নভেম্বর, পঞ্জাব পুলিশের একটি দল কড়া নিরাপত্তার মধ্যে পঞ্জাবে নিয়ে যায়। ঠাকুমার অন্ত্যেষ্টিক্রিয়া এবং পরবর্তী ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পরিবারের পক্ষ থেকে আরও কয়েক দিনের প্যারোল চাওয়া হয়েছিল। তবে আদালত শুধুমাত্র ১৪ নভেম্বরের জন্যই অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন অমৃতপালের আইনজীবী।

পরিবারের সদস্যরা শেষকৃত্যের সমস্ত ধর্মীয় রীতিনীতি সম্পন্ন না হওয়া পর্যন্ত অমৃতপালকে প্যারোলে রাখার আবেদন জানালেও আদালত তাতে সম্মতি দেয়নি। ফলে শনিবার ঠাকুমার শেষকৃত্য ও আনুষঙ্গিক ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেই তাঁকে পুনরায় ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে ফিরে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *