শিলচরে ফুটপাত উচ্ছেদ ঘিরে উত্তেজনা, আটক সর্বভারতীয় বাঙালি অধিকার মঞ্চের দুই নেতা সহ ৪

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : শিলচর শহরে ফুটপাত দখলমুক্ত করার প্রশাসনিক অভিযানকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের প্রতিবাদে সরব হয়েছে সর্বভারতীয় বাঙালি অধিকার মঞ্চ। এ নিয়ে সংগঠনের সদস্যদের সঙ্গে পুলিশের বচসা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

অভিযোগ, উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার জেরে পুলিশ সংগঠনের সদস্য প্রসেনজিৎ দেব এবং আইনজীবী সৌমেন চৌধুরীসহ মোট চারজনকে আটক করেছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে শিলচর শহরের বিভিন্ন ফুটপাতে ব্যবসা করে বহু ক্ষুদ্র ব্যবসায়ী তাঁদের জীবিকা নির্বাহ করছেন। বিকল্প কর্মসংস্থান কিংবা পুনর্বাসনের ব্যবস্থা না করে তাঁদের উচ্ছেদ করা হলে পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটের মুখে পড়তে হবে। তাই আগে পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর উচ্ছেদ অভিযান চালানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

অন্যদিকে, শহরের ফুটপাত দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ করে দিতেই প্রশাসনের এই অভিযান বলে জানা গেছে।

উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংগঠনের প্রতিবাদ এবং পুলিশের আটক পর্ব ঘিরে শিলচর শহরে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন ও ফুটপাত দখলমুক্ত করার প্রশাসনিক উদ্যোগ নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *