শিলচরে লায়ন্স ক্লাব অব ভ্যালি ভিউ-এর উদ্যোগে শিশু দিবস উদযাপন, উপহার পেল ২০ শিশু

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : ভারতের প্রথম প্রধানমন্ত্রী ভারতরত্ন পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে শুক্রবার লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর উদ্যোগে শিশু দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে শিশুদের মধ্যে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি পণ্ডিত নেহরুর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত শিশু ও অভিভাবকদের উদ্দেশে বক্তব্য রাখেন লায়ন বান্দিতা ত্রিবেদী রায়। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর কর্মজীবন, কৃতিত্ব ও দেশের প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি নেহরুর জন্মদিনকে কেন সারা দেশে শিশু দিবস হিসেবে পালন করা হয়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে ২০ জন শিশুর হাতে পেন্সিল বক্স, টিফিন বক্স, ফুলের টব ও চকলেট তুলে দেওয়া হয়। প্রকল্পের চেয়ারপার্সন পুষ্পাবতী রায় অত্যন্ত দক্ষতার সঙ্গে সমগ্র অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনা করেন। ক্লাবের সভাপতি সঞ্জীব রায় শিশুদের উদ্দেশে পণ্ডিত জওহরলাল নেহরুর জীবন ও আদর্শ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। নেহরুর দেখানো পথ অনুসরণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তিনি শিশুদের আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিজভান সিং, আশা বারই, মায়া দীক্ষিত, লক্ষ্মী বার্নওয়াল, অমিত পাটোয়া সহ ক্লাবের অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *