বরাক তরঙ্গ, ৮ আগস্ট : আগামীকাল রবিবার, ৯ আগস্ট থেকে শুরু হচ্ছে ধলাইয়ে মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্ট। ধলাই বিএনএমপি স্কুলের মাঠে মাস দিনব্যাপী আসরের সূচনা করবেন স্থানীয় বিধায়ক অমিওকান্তি দাশ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ফাইভ ব্রাদার্স আমড়াঘাট ও জামালপুর এফসি। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকেল আড়াইটায়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা ও ধলাই সমজেলার কমিশনার রক্তিম বরুয়া।
মাতৃভূমির সভাপতি সিতাংশু দাস ও ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন জানান, টুর্ণামেন্টে ৩২টি দল অংশ নিচ্ছে। ইতোমধ্যে ৩২ দলই নাম নথিভুক্ত করেছে। এবার চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে সুশান্তরঞ্জন দত্ত মেমোরিয়াল ট্রফি সঙ্গে নগদ ৬০ হাজার টাকা। রানার্স দল পাবে স্বপনকুমার বর্মন মেমোরিয়াল ট্রফি সহ নগদ ৪০ হাজার টাকা। এছাড়াও প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড় সহ বিভিন্ন পুরস্কার রয়েছে। ৩১টি ম্যাচ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন সিতাংশুবাবু। পাশাপাশি প্রতিটি ম্যাচ উপভোগ করতে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন।



