বরাক তরঙ্গ, ২৭ জুন : গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ বরাক উপত্যকার যে কোনও উপযুক্ত স্থানে প্রতিষ্ঠার দাবির সমর্থনে আজ শ্রীভূমি জেলার বিপিন পাল স্মৃতি ভবনে এক গুরুত্বপূর্ণ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র সদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সব্যসাচী রায়ের উদ্যোগে আয়োজিত এই সভায় বরাক উপত্যকায় একটি স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার সাংবিধানিক প্রয়োজনীয়তা, ন্যায়বিচারে সমান প্রবেশাধিকার এবং এই দাবিকে আরও সুসংগঠিত গণআন্দোলনে রূপ দেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভার শুরুতেই হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক নিখিল পাল স্বাগত বক্তব্য রাখেন। তিনি এই গুরুত্বপূর্ণ সভার আয়োজনের জন্য ড. সব্যসাচী রায়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণে সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি এবং এই ধরনের সচেতনতা সভা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মিশনরঞ্জন দাস, করিমগঞ্জ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ রাধিকা রঞ্জন চক্রবর্তী, বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সমিতির সভাপতি সতু রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলেখা দত্তচৌধুরী, অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, শিক্ষাবিদ বিভাষ দেব, কমিটির সাধারণ সম্পাদক নিখিল পাল, রসরাজ দাস, ধর্মানন্দ দেব, আইনজীবী দেবোমিতা চক্রবর্তী, আইনজীবী তুহিনা শর্মা, আইনজীবী দুর্গা পুরকায়স্থ, আইনজীবী অর্চনা দত্তসহ জেলার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও শ্রীভূমি জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের প্রতিনিধিরাও সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, বরাক উপত্যকার কয়েক লক্ষ মানুষের জন্য গৌহাটি পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে বিচারপ্রার্থনা করা অত্যন্ত ব্যয়বহুল, সময়সাপেক্ষ এবং কষ্টসাধ্য। ফলে বহু সাধারণ মানুষ আর্থিক ও ভৌগোলিক প্রতিবন্ধকতার কারণে কার্যকরভাবে ন্যায়বিচারের সুযোগ থেকে বঞ্চিত হন। এই বাস্তব পরিস্থিতির প্রেক্ষিতে বরাক উপত্যকার যে কোনও উপযুক্ত স্থানে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করা সময়ের দাবি এবং সংবিধানের সমতা ও ন্যায়বিচারের মূল চেতনার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
বক্তারা আরও বলেন, এটি কোনো আঞ্চলিক বা রাজনৈতিক দাবি নয়; বরং বিচারপ্রাপ্তির সাংবিধানিক অধিকার নিশ্চিত করার একটি ন্যায্য দাবি। এই দাবির প্রতি বরাক উপত্যকার সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সমর্থন রয়েছে এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা।
সভা শেষে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবির সমর্থনে নাগরিকদের স্বাক্ষর সংগ্রহ করা হয়। এই কর্মসূচিতে প্রায় তিন শতাধিক ব্যক্তি স্বাক্ষর করে তাঁদের সমর্থন জ্ঞাপন করেন, যা দাবিটির প্রতি জনসাধারণের ব্যাপক সমর্থনের প্রতিফলন।
সভায় সর্বসম্মতিক্রমে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ বরাক উপত্যকায় দ্রুত প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করা হয় এবং এই দাবির পক্ষে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক ও সাংবিধানিক উপায়ে আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানানো হয়।



