হাইকোর্টের স্থায়ী বেঞ্চের দাবিতে গণস্বাক্ষর অভিযান জোরদার, মেহেরপুরে সভা

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ জুন : বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে আরও জনমুখী করে তুলতে গণস্বাক্ষর অভিযান চালিয়ে যাচ্ছে “হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবি বাস্তবায়ন কমিটি”-র কাছাড় জেলা শাখা। গত ৩০ মে থেকে শুরু হওয়া এই অভিযানের অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় শিলচরের শিবালিক পার্কের দুর্গা মণ্ডপে এক সভা অনুষ্ঠিত হয়। কমিটির লক্ষ্য প্রায় ২৫ হাজার মানুষের স্বাক্ষর সংগ্রহ করা।

সভায় বক্তারা জানান, বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি নতুন নয়। আশির দশক থেকেই এই দাবি উঠে আসছে এবং জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্যরাই প্রথম এ আন্দোলনের সূচনা করেছিলেন। তাঁদের মতে, স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠিত হলে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং ডিমা হাসাও জেলার সাধারণ মানুষ ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে উপকৃত হবেন।

বক্তারা আরও জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আসামের রাজ্যপাল এই দাবির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এবং বিষয়টি সরকারের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে হাইকোর্টের মুখ্য বিচারপতির সঙ্গে সাক্ষাতের আবেদনও মঞ্জুর হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে আগামী ১৬ জুলাই বিকেল ৪টায় বরাক উপত্যকার তিন জেলা ও ডিমা হাসাও থেকে ১০ থেকে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবে। ওই বৈঠকে স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার যৌক্তিকতা ও জনস্বার্থের বিষয়গুলি তুলে ধরা হবে।
আইনজীবী ধর্মানন্দ দেব জানান, প্রতিনিধি দলের পক্ষ থেকে একটি বিস্তারিত ভিশন ডকুমেন্ট জমা দেওয়া হবে। সেখানে বরাক উপত্যকার বিদ্যমান পরিকাঠামো, ভৌগোলিক অবস্থান, বিচারপ্রার্থীদের সুবিধা এবং স্থায়ী বেঞ্চ স্থাপনের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত থাকবে।
সভায় উপস্থিত ছিলেন আইনজীবী ধ্রুবজ্যোতি সাহা, শিক্ষাবিদ ড. বিভাস দেব, হারান দে, মহাবীর জৈন, উদয় শঙ্কর গোস্বামী, অঞ্জন স্বামী, আইনজীবী ধর্মানন্দ দেব, রসরাজ দাস, আইনজীবী তুহিনা শর্মা এবং অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। সভা পরিচালনা করেন সুদীপ্ত দেবরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *