বরাক তরঙ্গ, ১৩ জুন : রাজনগর জিপির অন্তর্গত আলগাপুর গ্রামে শনিবার গৌর-নিতাই মন্দির প্রাঙ্গণে এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় জনগণ ও স্বনির্ভর গোষ্ঠীর (সেলফ-হেল্প গ্রুপ) মহিলাদের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিধায়ক কিশোর নাথকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীকোণা মণ্ডলের সভাপতি জয়প্রকাশ সিনহা, সংশ্লিষ্ট পঞ্চায়েতের সভানেত্রী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বহু গ্রামবাসী। অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বিধায়ক কিশোর নাথ গ্রামবাসীদের ভালোবাসা ও সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও সহযোগিতাই তাঁকে জনকল্যাণমূলক কাজে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়।
এদিন তিনি গৌর-নিতাই মন্দিরের নির্মাণ ও উন্নয়নমূলক কাজের জন্য ৫ লক্ষ টাকার আর্থিক অনুদান ঘোষণা করেন। মন্দিরের পরিকাঠামোগত উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিধায়ক আরও বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর সংরক্ষণ ও উন্নয়ন সমাজের ঐতিহ্য, সংস্কৃতি এবং মূল্যবোধকে সুদৃঢ় করতে বিশেষ ভূমিকা পালন করে। তাই এ ধরনের প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সকলের এগিয়ে আসা প্রয়োজন।
কিশোর নাথের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে উপস্থিত গ্রামবাসী সন্তোষ প্রকাশ করেন এবং মন্দিরের উন্নয়নে তাঁর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।



