অবসরপ্রাপ্ত যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক সুদীপ জ্যোতি দাস প্রয়াত, শোক স্বাস্থ্য বিভাগে

Spread the news

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ জুন : কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ সুদীপজ্যোতি দাস আর নেই। স্বল্প রোগভোগে শনিবার সকাল ১০-৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০২১ সালের ২১ এপ্রিল তিনি যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের পদ থেকে স্বেচ্ছাবসর নেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনমুগ্ধ। ডাঃ দাস কর্মজীবনে একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
সরকারি নথি অনুযায়ী তিনি ১৯৮৫ সালের ১২ এপ্রিল স্কুল হেলথ সার্ভিসেস বিভাগে শিলচরে মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার-১ পদে চাকরি জীবন শুরু করেন।

পরবর্তীতে ১ মে ১৯৯৪ সালে তিনি উধারবন্দ স্বাস্থ্য খন্ডে সিনিয়র মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার পদে পদোন্নতি লাভ করেন। এরপর ১ জুলাই ২০০৬ সালে একই স্বাস্থ্য প্রতিষ্ঠানের আধিকারিক (এসডিএম অ্যান্ড এইচও) পদে উন্নীত হন।
দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ ১৪ ফেব্রুয়ারি ২০১৪ সালে তিনি জোনাল ম্যালেরিয়া অফিসার, কাছাড় পদে যোগদান করেন। একই বছরের ৫ মে থেকে ২০১৬ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত তিনি জোনাল ম্যালেরিয়া অফিসারের দায়িত্ব পালনের পাশাপাশি কাছাড় জেলার ভারপ্রাপ্ত যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের অধিকর্তা  হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৯ জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে স্থায়ী যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের পদে দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে অবসরের মেয়াদের প্রায় দেড় বছর আগে স্বেচ্ছাবসর নেন। স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন স্তরে চার দশকেরও বেশি সময় ধরে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি। তাঁর সময়কালে কোভিড মহামারি এলে তিনি দক্ষতার সঙ্গে তা সামলে নিয়েছেন। অনেকদিন তিনি তাঁর চেম্বারে বিছানা এনে সারারাত কাটিয়েছেন।

তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকের ছায়া নেমে এসেছে কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগে। বর্তমান ও আগেকার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ও কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তাদের পাশাপাশি, অতিরিক্ত জেলা স্বাস্থ্য আধিকারিক, জেলা প্রশাসনের কর্তাব্যক্তি, জেলার স্বাস্থ্য খন্ডের আধিকারিক চিকিৎসক, প্যারামেডিকেল স্টাফ, এনএইচএম কর্মী ও আধিকারিকরা শোক ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *