শিলচরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ও মিছিল, এসআইআর বাতিলের দাবি

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এসআইআর বাতিল এবং বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় বহাল রাখার দাবিতে বুধবার শিলচরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কৃষক সংগঠন, বিভিন্ন গণসংগঠন এবং ছাত্র-যুব সংগঠনের যৌথ আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এদিন প্রথমে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হন আন্দোলনকারীরা। সেখানে আয়োজিত জনসভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার, বিশেষ করে ভোটাধিকার হরণের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ দেওয়ার ফলে সাধারণ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাঁদের দাবি, দেশের ১৩ কোটিরও বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

বক্তারা জানান, অসমে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই পরিস্থিতিতে কোনও বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের নামে প্রকৃত ভোটারদের অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করার দাবি তোলেন আন্দোলনকারীরা।

সমাবেশে শ্রমিকনেতা সুব্রত নাথ, হায়দার হোসেন চৌধুরী, মিহির নন্দী ও সুপ্রিয় ভট্টাচার্য, কৃষকনেতা রেজামন্দ আলি বড়ভূইয়া ও শ্যামদেও কুর্মি, যুবনেতা দেবজিৎ গুপ্ত এবং ছাত্রনেতা পল্লব ভট্টাচার্য-সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে একটি মিছিল বের হয়ে গোলদিঘি মলে গিয়ে পৌঁছায়। সেখানে সুপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *