বরাক তরঙ্গ, ২৬ জুন : হাজোর ভোমারবড়ি গ্রামে এক বিবাহিত ব্যক্তিকে পরকীয়ার অভিযোগে স্থানীয় বাসিন্দারা আটক করার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযুক্তের নাম আনন্দ মালাকার। তিনি হাজোর সাতদলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, স্বামী-অনুপস্থিত এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর অবৈধ সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাতে ওই মহিলার বাড়িতে অবস্থানকালে গ্রামবাসী তাঁকে হাতেনাতে ধরে ফেলেন।
স্থানীয়দের আরও দাবি, অভিযুক্ত ব্যক্তি প্রায় প্রতিদিনই ওই মহিলার বাড়িতে যাতায়াত করতেন, যার ফলে গ্রামের সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছিল। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী তাঁকে আটক করে একটি খোলা মাঠে বসিয়ে রাখেন এবং হাজো থানায় খবর দেন।
খবর পেয়ে হাজো পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। তবে পরকীয়া ও অনৈতিক কর্মকাণ্ড সংক্রান্ত অভিযোগের সত্যতা এখনও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।



