রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : অসৃ পুলিশ প্রশাসনে বড়সড় রদবদলের অংশ হিসেবে আইপিএস কর্মকর্তা পার্থ প্রতিম দাসকে কাছাড় জেলার নতুন সিনিয়র পুলিশসুপার হিসেবে নিয়োগ করা হয়েছে। শুক্রবার স্বরাষ্ট্র (এ) বিভাগের জারি করা এক নির্দেশিকায় জানানো হয়, নগাঁও থেকে বদলি করে পার্থ প্রতিম দাসকে কাছাড়ের পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি এপিএস কর্মকর্তা সঞ্জীবকুমার শইকিয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন। সঞ্জীবকুমার শইকিয়াকে ধুবড়ি জেলার পানবাড়িতে অবস্থিত ২০তম অসম পুলিশ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, এটি পার্থ প্রতিম দাসের কাছাড়ে দ্বিতীয় দফার দায়িত্ব গ্রহণ। এর আগে তিনি কাছাড় জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) হিসেবে কর্মরত ছিলেন। গত ২ মার্চ ২০২৬-এ তাঁকে কাছাড় থেকে নগাঁওয়ে এসএসপি হিসেবে বদলি করা হয়েছিল। সেই সময় তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন সঞ্জীবকুমার শইকিয়া। সর্বশেষ এই রদবদলের মাধ্যমে আবারও কাছাড় জেলা পুলিশের নেতৃত্বের দায়িত্ব পেলেন পার্থ প্রতিম দাস।
এদিকে, কাছাড়ে কর্মরত আরও এক আইপিএস কর্মকর্তা রজতকুমার পালকেও বদলি করা হয়েছে। তিনি এতদিন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হিসেবে দায়িত্বে ছিলেন। তাঁকে দেড়গাঁওয়ে সহকারী পুলিশ মহাপরিদর্শক (এপি) হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি তাঁকে এনসিএফএল এবং এপিএমইএস (১১২), দেড়গাঁওয়ের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তিতে রাজ্যজুড়ে একাধিক পুলিশ মহাপরিদর্শক, উপ-মহাপরিদর্শক, সিনিয়র পুলিশ সুপার (এসপি) এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের কথা উল্লেখ করা হয়েছে। তবে বরাক উপত্যকার প্রতিবেশী জেলা শ্রীভূমি ও হাইলাকান্দির শীর্ষ পুলিশ নেতৃত্বে কোনও পরিবর্তন আনা হয়নি। সরকারি নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের দিন থেকেই এই বদলি ও পদায়ন কার্যকর হবে।



